1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতের অনুমতি না পা্ওয়ায় বুড়িমারীতে আটকা ভুটানের পণ্যের চালান | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

ভারতের অনুমতি না পা্ওয়ায় বুড়িমারীতে আটকা ভুটানের পণ্যের চালান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের একটি পরীক্ষামূলক পণ্যের চালান আটকে রয়েছে। বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পণ্য পরিবহনের অনুমতি না পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালানে রয়েছে ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ক্যান্ডি ও শ্যাম্পু। শুক্রবার থেকে কনটেইনারটি বুড়িমারী বন্দরের মাঠে পড়ে আছে বলে নিশ্চিত করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংককের রপ্তানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং কোম্পানি ছয় ধরনের পরীক্ষামূলক এই চালানটি বাংলাদেশে পাঠায়। পরে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম ট্রেডিং করপোরেশন বুড়িমারীতে পাঠায়। তবে বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট বেনকো লিমিটেডের একাধিক চেষ্টার পরও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর চালান গ্রহণ করেনি।
বেনকো লিমিটেডের স্বত্বাধিকারী ফারুক হোসেন জানান, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস বাংলাদেশ–ভারত সড়কপথ ব্যবহারে ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের কোনো অনুমতি দেয়নি, ফলে চালানটি বুড়িমারীতেই আটকে আছে।
অন্যদিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভুটানের চালানের কাস্টমস কার্যক্রম বাংলাদেশ পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। ভারত অনুমতি দিলেই রুট পারমিট অনুযায়ী পণ্য ভুটানে পাঠানো হবে।
২০২৩ সালের মার্চে বিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) সড়কপথে পণ্য পরিবহন প্রটোকল সই হয়। পরের বছর ভুটানে অনুষ্ঠিত বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে পরীক্ষামূলক দুটি চালান ভুটানে পাঠানোর সিদ্ধান্ত হয়। তারই অংশ এই চালানটি, যা আপাতত আটকে রয়েছে ভারতের অনুমতির অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )