


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে লিপি আক্তার (৩৫) নামে এক নারীকে অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন এ দণ্ড প্রদান করেন।
মামলা নম্বর ৮৩/২০২৫ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত লিপির বাড়ি বোচাগঞ্জ উপজেলার মেলাগাছি গোরস্তান পাড়া পিতা মৃত বেলাল হোসেন।
মামলার প্রসিকিউশন পরিচালনা করেন বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মহুবার রহমান। দণ্ড প্রদানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মাদকের বিষয়ে প্রশাসনের নীতি জিরো টলারেন্স। তথ্য ও প্রমাণ মিললে মাদকসংশ্লিষ্ট যে–কোনো ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।