1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সামনের দিনগুলো খুব ভালো নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সামনের দিনগুলো খুব ভালো নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সামনের দিনগুলো খুব ভালো নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

রোববার (২১ ডিসেম্বর) বগুড়ায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।  অনুষ্ঠানে আগামী দিনে দেশকে গড়ে তোলার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘দেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থানের উপায় বের করতে হবে। কৃষকরা নাজেহাল অবস্থার মধ্যে আছে। তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। বাজার ব্যবস্থায় দুষ্টু চক্র ঢুকে পড়েছে, তাদের থেকে বের হতে হবে। যাতে মানুষ সহজেই ন্যায্য মূল্যে নিত্যপণ্য সংগ্রহ করতে পারে, এগুলো নিশ্চিত করতে হলে অনেক কাজ করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর দেশকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করেছিলেন। একইভাবে বিএনপি চেয়ারপারসনও স্বৈরাচারের কবলে পড়া দেশকে উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে এসেছিলেন। এই দুই নেতার সৈনিকদের সামনে আবার সুযোগ এসেছে দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তোলার।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘শহীদ হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদি, জুলাই শহীদ এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আলী আজগর হেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )