


দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, চোলাই মদ পান করার অভিযোগে উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুড়ি শালবাগানের ভিতর থেকে টনি বর্মন, সুজন সরকার, পরিতোষ সাহা ও উজ্জ্বল চন্দ্রকে এবং মির্জাপুর নার্সারি এলাকায় গাঁজা সেবনের অভিযোগে সাইফুল ইসলামকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অপরদিকে গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে (৪২) আটক করা হয়। তিনি চকপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে। এছাড়া বিরামপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাগর মিয়াকে আটক করা হয়েছে। সাগর পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসিন্দা। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, বিশেষ অভিযানে আসামিদের আটক করে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।