


বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলিম উদ্দিন সরকার ও ওয়াহেদ শাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সবুজ আহমেদ, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে পুনর্গঠনে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সততা, দেশপ্রেম ও আত্মত্যাগে ভরপুর তার জীবনাদর্শ আজও জাতির জন্য অনুকরণীয় এবং নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস।
বক্তারা আরও বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক পুনর্গঠনে জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছেন, তা জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। তার আদর্শ তরুণ প্রজন্মকে দেশপ্রেম, আত্মমর্যাদা ও দায়িত্বশীল নাগরিকত্বে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।