1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাবির কিছু রাকাত ছুটে গেলে করণীয় | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

তারাবির কিছু রাকাত ছুটে গেলে করণীয়

ধর্ম ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন

রমজানে খতমে তারাবি বা জামাতে অংশ নিতে গিয়ে অনেকেরই শুরুতে কিছু রাকাত ছুটে যায়। এ সময় তাড়াহুড়ো না করে শরিয়তের নিয়ম অনুসরণ করা জরুরি। নির্ভরযোগ্য ফিকহগ্রন্থে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যায়।

এশার ফরজ ও সুন্নত আদায়
যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দেখেন যে তারাবি শুরু হয়ে গেছে, তবে তিনি সরাসরি তারাবিতে শরিক হবেন না। কারণ তারাবি পড়ার আগে এশার ফরজ নামাজ আদায় করা বাধ্যতামূলক। তাই ওই ব্যক্তি প্রথমে এশার ফরজ এবং এরপর দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ে নেবেন। এরপর তিনি ইমামের সঙ্গে তারাবিতে শরিক হবেন। (ফতোয়া তাতারখানিয়া)

ছুটে যাওয়া রাকাত আদায়ের সময়
ইমামের সঙ্গে শরিক হওয়ার পর যে রাকাতগুলো ছুটে গেছে, সেগুলো বিরতির সময় অথবা তারাবি শেষে বিতির নামাজের আগে পড়ে নেওয়া যায়। তবে সবচেয়ে উত্তম ও প্রচলিত নিয়ম হলো- ইমামের সঙ্গে তারাবি ও বিতির নামাজ শেষ করার পর একা একা ছুটে যাওয়া রাকাতগুলো পড়ে নেওয়া। (দুররুল মুখতার)

ইমাম বিতির শুরু করলে করণীয়
যদি দেখা যায় যে ইমাম তারাবি শেষ করে বিতির নামাজের জামাত শুরু করে দিয়েছেন, অথচ ওই মুসল্লির কিছু রাকাত তারাবি এখনো বাকি আছে; এমতাবস্থায় তিনি তারাবি না পড়ে আগে ইমামের সঙ্গে বিতির নামাজে শরিক হবেন। হানাফি মাজহাব অনুযায়ী, বিতির জামাতে আদায় করা অধিক গুরুত্ববহ। বিতির শেষ করে তিনি তাঁর অবশিষ্ট তারাবির রাকাতগুলো একা পড়ে নেবেন। (ফতোয়া আলমগিরি)

হানাফি ফিকহের মূলনীতি
তারাবি নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত। ওই সময়ের মধ্যে ছুটে যাওয়া রাকাতগুলো পড়ে নিলে জামাতের সওয়াব পাওয়া না গেলেও তারাবি আদায়ের সওয়াব পাওয়া যায়। তবে বিতির নামাজের আগে তারাবি শেষ করা মুস্তাহাব হলেও বিতির জামাতের গুরুত্বের কারণে ইমামের অনুসরণই প্রাধান্য পাবে।

সারকথা
তারাবির রাকাত ছুটে গেলে তাড়াহুড়ো না করে ইমামের অনুসরণ করা এবং পরবর্তীতে তা একা আদায় করাই সুন্নাহসম্মত ও উত্তম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক নিয়ম জেনে আমল করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )