


দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং আগামীর জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার এমন একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন, যেখানে উন্নয়নের সুফল সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমানভাবে পৌঁছাবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঘোড়াঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বী হোক, ইসলাম ধর্মেরই অনুসারী হোক আর খ্রিস্টান হোক, যে যে ধর্মই হোক, সে যেন তার নাগরিক অধিকার সম ভাগে ভোগ করতে পারে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সম্প্রসারণ, দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উলে¬খ করেন, একটি উন্নত রাষ্ট্র তখনই গড়ে ওঠে, যখন সেখানে বৈষম্য কমে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং জনগণ রাষ্ট্রের সেবা সহজে পায়।
মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, নারী ও শিশু সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।