1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: পীরগাছায় এমপি আখতার হোসেন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: পীরগাছায় এমপি আখতার হোসেন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ জন দেখেছেন
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সরকারি দপ্তরগুলোতে জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি অফিসে কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। বরং কোন দপ্তর কত দ্রুত জনগণকে সেবা দিতে পারছে, সেই ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তুলতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় প্রশাসনের সঙ্গে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় ভীতি ও সংকোচে ভোগেন। অফিসের নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাই মানুষের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক হতে হবে।’
আখতার হোসেন বলেন, প্রতিদিন কোনো অফিসে অল্প বা বেশি সংখ্যক মানুষ সেবা নিতে এলেও সিরিয়াল অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে। আগে আসা ব্যক্তি আগে সেবা পাবেন এই নীতিতে কাজ করতে হবে। জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখতে হবে। থানায় গিয়ে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগসহ সব সরকারি দপ্তরকে জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
তিনি বলেন, পীরগাছা ও কাউনিয়ার জনগণের সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। নিজেকে বিরোধী দলের সংসদ সদস্য উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা নিয়ে সেসব মোকাবিলা করা সম্ভব হবে।
সভায় জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের ফলেই দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। পরে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের মধ্যে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন তিনি এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
পীরগাছার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা নদীকেন্দ্রিক দুর্ভোগ নিরসন এখন সময়ের দাবি। তিস্তার পানিবণ্টন সমস্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয়ভাবে তিস্তা নদীভাঙন দীর্ঘদিন ধরে পীরগাছা ও কাউনিয়া অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম, পীরগাছা প্রেস ক্লাবের সহসভাপতি হারুন অর রশিদ বাবু ও সাধারণ সস্পাদক আব্দুল কুদ্দুছসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাইযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন সদ্যপ্রয়াত জামায়াত নেতা ফারুক ইকবালের কবর জিয়ারত করেন। পরে চৌধুরাণী থেকে ফতেপুরঘাট সড়কের উদ্বোধন এবং বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও গণইফতার অনুষ্ঠানে অংশ নেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )