1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল নিয়েও সতর্ক বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল নিয়েও সতর্ক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা ব্যস্ত এখন আইপিএলে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে তাই তারকা ক্রিকেটারদের পাচ্ছে না কিউইরা। নিউজিল্যান্ড তাই আসছে দ্বিতীয় সারির দল নিয়ে। তবে ঘরের মাঠে এই সিরিজকে কোনোভাবেই সহজ মনে করার সুযোগ নেই বলে সতর্ক করে দিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু।

নিয়মিত সীমিত ওভারের অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলায় এবারের সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৬৩ ও ২৯ ম্যাচ খেলা লাথামই দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্ররা আইপিএলে এবং ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল পিএসএলে ব্যস্ত থাকায় তাদেরও পাওয়া যাবে না। এছাড়া ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দারুণ পারফর্ম করা মিচেল ও চোটে পড়া ক্রিস্টিয়ান ক্লার্কও এ সিরিজে অনুপস্থিত।

নান্নু বলেন, “নিউজিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। সব সংস্করণেই তারা যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তাই তাদের দ্বিতীয় সারির দল এলেও এ সিরিজকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ঘরের মাঠে খেলা এবং পয়েন্টের প্রয়োজন, দুটোই গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, ২০১০ ও ২০১৩ সালে প্রথম সারির নিউজিল্যান্ড দল বাংলাদেশে এসে ধবলধোলাইয়ের শিকার হয়েছিল। তবে এবারের পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন নান্নু। তিনি বলেন, “তারা নিয়মিত ক্রিকেটারদের বড় অংশ পরিবর্তন করে এসেছে। তবু হালকাভাবে নিলে তারা আমাদের বিপদে ফেলতে পারে।”

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম স্থানে রয়েছে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে। শীর্ষে ভারত (১১৯) এবং দ্বিতীয়তে নিউজিল্যান্ড (১১৪)। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেরা নয়ে থাকলে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তাই কিউইদের বিপক্ষে জয় পেলে রেটিংয়ে উন্নতি হবে টাইগারদের। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষেও সিরিজ রয়েছে বাংলাদেশের। নান্নুর মতে, ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (ঢাকা ও চট্টগ্রামে) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে। এ সিরিজ থেকে ইতিবাচক পারফরম্যান্স চাই, যা পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )