


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিরামপুরে কয়েক উপজেলার সাংবাদিকদের নিয়ে রবিবার র্যালি, আলোচনা সভা ও চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে মিলন মেলা করা হয়েছে। দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এ মিলন মেলায় বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। স্থানীয় ঢাকা মোড়ে দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাড. মোরশেদ মানিকের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভা করা হয়।
এতে সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) সভাপতি শাহ আলম মণ্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মাহমুদুল হক মানিক, ঢাকামোড় টুয়েন্টি ফোরের সম্পাদক রফিকুল ইসলাম সরকার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, দেশ টিভির প্রতিনিধি হারুনুর রশীদ, স্বাধীন ভোরের প্রতিনিধি ইব্রাহিম মিয়া প্রমুখ। সভা শেষে সাংবাদিকরা র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং মিলন মেলায় সমবেত হন।