


পার্বতীপুর পৌর শহরে আরইউটিডিপি প্রকল্পের রাস্তা ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের ৩ হাজার ৯৭৭ কিলোমিটার রাস্তা ও ৩ হাজার ৪১ কিলোমিটার ড্রেন নির্মাণ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় রাস্তা ও ড্রেনেজ উন্নয়ন নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
প্রধান অতিথি বলেন, এই প্রকল্পগুলো পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার ভুমিকা রাখবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পার্বতীপুর পৌরসভাকে আধুনিক ও জলবায়ু সহনশীল নগরীতে রূপান্তরের লক্ষ্যে ১২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ৫২ টাকা ব্যায়ে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
এই প্রকল্পে ৩ হাজার ৯৭৭ কিলোমিটার রাস্তা ও ৩ হাজার ৪১ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে। উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: সাদ্দাম হোসেন, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল, পৌর প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্পের সুপারভিশন প্রকৌশলী আসাদুজ্জামান, পৌর সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছাব্বির আলম খান, উপ-সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
এব্যাপারে পার্বতীপুর পৌর প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান জানিয়েছেন, পার্বতীপুর পৌরসভার সুন্দরীপাড়া থেকে বৃত্তিপাড়া হয়ে হাজির মোড় পর্যন্ত ২ হাজার ২৭৭ মিটার রাস্তা ও ১ হাজার ৬২৪ মিটার ড্রেনসহ ৪২ মিটার ক্রস ড্রেন, কালীবাড়ী মোড় হতে নামাপাড়া হয়ে মুসাহারপট্টি পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার রাস্তা ও ১ হাজার ৬১৭ মিটার ড্রেনসহ ৬০ মিটার ক্রস ড্রেন নির্মাণ হবে। যৌথভাবে ঠিকাদারীর কাজ পেয়েছেন নীলফামারী জেলার মোহাম্মদ আমিনুল হক (প্রাইভেট) লিমিটেড ও মোস্তাফিজুর রহমান (জেভি)। ২০২৭ সালের ৩ আগষ্ট এই প্রকল্পের এসব কাজ শেষ হবে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা উন্নত হবে।