


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এটি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। তিনি বলেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। সোমবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস -এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। ফারাক্কা ইস্যু, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা।
তিনি জানান, বড় ধরনের ব্যারাজ বা বাঁধ নির্মাণের ক্ষেত্রে নানা কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের বিষয় থাকে। সরকার পর্যায়ক্রমে এসব কাজ এগিয়ে নিচ্ছে।তিনি আরও বলেন, আগামী ১১ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এ বিষয়ে সরকার নতুনভাবে কার্যকর উদ্যোগ নিতে চায়। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় হওয়া ফারাক্কা চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেই অভিজ্ঞতার আলোকে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।
একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান- নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল এবং সে লক্ষ্যেই কাজ চলছে।এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, রংপুর সিটি কর্পোরেনের প্রশাসক এড. মাহফুজ-উন-নবী চৌধুরী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।