
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (২০ মে) সকালে উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের দেশীয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোচাগঞ্জ থানার এস আই শামীম আকতার সরকার। তার সঙ্গে পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি আব্দুল মমিন (৩৬)। তিনি উপজেলার বড় সুলতানপুর গ্রামের বাসিন্দা। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসির মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক ব্যক্তির কাছ থেকে এসব মাদক সংগ্রহের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় খুচরা ও পাইকারিভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোচাগঞ্জ থানা এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Related