1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে পানিবন্দী হাজারো মানুষ, নীরব সিটি করপোরেশন! | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

রংপুরে পানিবন্দী হাজারো মানুষ, নীরব সিটি করপোরেশন!

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২২ জন দেখেছেন

টানা কয়েকদিনের বর্ষণে এলাকার মধ্য খলিফা পাড়ায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে এলাকার সড়ক, বাড়িঘর ও মসজিদের বারান্দা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত হাজারো মানুষ। চরম দুর্ভোগে পড়া এলাকাবাসী দ্রুত ড্রেন নির্মাণ ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন সড়কে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। কাদা ও পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

জলাবদ্ধতার কারণে শুধু সড়ক নয়, এলাকার মসজিদের বারান্দা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও দৈনন্দিন কাজেও চরম সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এলাকাবাসীর দাবি, জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। পানিবন্দি পরিবেশে শিশুদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পানির নিচে ডুবে থাকা ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়রা আরও জানান, এর আগেও কয়েকবার নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের কাছে আবেদন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ মসজিদ কমিটির পক্ষ থেকে ড্রেন নির্মাণের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে আবারও আবেদন করা হয়েছে।

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা নাইম হোসেন খান জানান, জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম চলমান রয়েছে। এদিকে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, ড্রেন নির্মাণ এবং রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন মধ্য খলিফা পাড়ার বাসিন্দারা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )