1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল জানিয়ে দিল সুপারকম্পিউটার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল জানিয়ে দিল সুপারকম্পিউটার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপরিচিত প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও স্কটল্যান্ড। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শেষবার যখন এই দুই দল লড়েছিল, তখন ২-১ ব্যবধানে জিতেছিল সেলেসাওরা। প্রায় তিন দশক পর মিয়ামির সবুজ গালিচায় আজ বৃহস্পতিবার আবারও জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

একদিকে নকআউটের টিকিট কাটার স্বপ্ন, অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মহারণ। সব মিলিয়ে গ্রুপ ‘সি’-এর এই শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আজকের হাইভোল্টেজ ম্যাচে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’র সুপারকম্পিউটার স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রায় ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশন বিশ্লেষণ করে সুপারকম্পিউটার জানিয়েছে, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬%। বিপরীতে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২.২% এবং ম্যাচটি ড্র হওয়ার সুযোগ রয়েছে ১৮.২%।

ব্রাজিল শিবিরের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, প্রথম দুই ম্যাচ মিস করা এই সান্তোস তারকা স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ ফিট আছেন। নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে সন্দেহ নেই। গ্রুপ ‘সি’-এর বর্তমান পরিস্থিতি দুই দলের জন্যই বেশ সমীকরণপূর্ণ। ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে সেলেসাওরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ পা রাখতে হলে ব্রাজিলকে আজ মরক্কোর সমান বা তার চেয়ে ভালো ফলাফল করতে হবে। অপরদিকে স্কটল্যান্ড প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারালেও পরের ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে কিছুটা ব্যাকফুটে তারা। তবে ব্রাজিলের বিপক্ষে আজ যদি স্কটিশরা ঐতিহাসিক এক জয় তুলে নিতে পারে, তবে গ্রুপ পর্বের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে তাদের। ড্র করলেও তৃতীয় স্থানে থেকে শেষ ৩২-এ যাওয়ার দারুণ সুযোগ থাকবে। এমনকি হেরে গেলেও বড় ব্যবধানে না হারলে নকআউটের আশা টিকে থাকবে স্কটল্যান্ডের।

পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে কথা বললেও ইতিহাস কিন্তু তাদের মনে করিয়ে দিচ্ছে এক সতর্কবার্তা। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ তিনটি পরাজয়ের রেকর্ডই এসেছে গ্রুপের শেষ বা তৃতীয় ম্যাচে। যার মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ছিল কাতার বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ১-০ গোলের হার। তাই উজ্জীবিত স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই আনচেলত্তির শিষ্যদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )