


ফুটবলের মাঠে লড়াই শুরু হওয়ার আগেই কখনও কখনও আলোচনার কেন্দ্রে চলে আসেন মাঠের বাইরের মানুষ। ২০২৬ বিশ্বকাপে এবার তেমনই এক আলোচিত নাম ঘানার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চিকিৎসক নানা কওয়াকু বোনসাম। ইংল্যান্ডের তারকা হ্যারি কেনকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার আরও বিস্ময়কর দাবি করেছেন তিনি। তার মতে, নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দেবে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে।
রাউন্ড অব ৩২ সামনে রেখে নিজের নতুন ভবিষ্যদ্বাণীতে নানা কওয়াকু বোনসাম বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে।’ তার এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এর আগে ঘানা ও ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের আগে হ্যারি কেনকে লক্ষ্য করে ‘অভিশাপ’ দেওয়ার দাবি করেছিলেন বোনসাম। তিনি বলেছিলেন, ‘কেনকে গোল করতে দেবেন না।’ পরে ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং ইংলিশ অধিনায়কও গোলের দেখা পাননি। যদিও অনেকেই এটিকে কাকতালীয় ঘটনা হিসেবে দেখেছেন, তবুও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
ম্যাচ শেষ হওয়ার পর অবশ্য বোনসাম জানান, তিনি হ্যারি কেনের ওপর থেকে সেই অভিশাপ তুলে নিয়েছেন। পরের ম্যাচেই গোল করবেন ইংল্যান্ড অধিনায়ক। সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। আজ পানামার বিপক্ষে গোল পেয়েছেন এই ইংলিশ ফুটবলার। এমনকি তিনি মজা করে বলেন, ‘হ্যারি কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে, যার নাম আমি হ্যারি কেনের নামে রাখতে চাই।’
শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বকাপ নিয়েও বড় ভবিষ্যদ্বাণী করেছেন এই ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোই ট্রফি উঁচিয়ে ধরবেন। বোনসামের ভাষায়, এই বিশ্বকাপের ভাগ্য নাকি মাঠের লড়াইয়ের আগেই নির্ধারিত হয়ে গেছে।