


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নতুন ফরম্যাটে শুরু হওয়ার পর অনেক বড় দলই চাপে পড়ে গিয়েছিল। দুটো মৌসুমেও মানিয়ে নিতে পারেনি অনেক দল। এবার বিশ্বকাপের ক্ষেত্রেও সেই রকমই কিছু মনে করা হয়েছিল। ৪৮ দলের লড়াই, একাধিক আনকোরা দলের সঙ্গে ছিল রাউন্ড অফ ৩২-এর চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে কোনো অঘটন ঘটল না বিশ্বকাপে। সেমি ফাইনালে সাম লেখালো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবার ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারটি দল একসঙ্গে সেমিফাইনালে উঠল। বর্তমানে পুরুষদের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ চারটি দল হলো যথাক্রমে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। আর এবার এই চারটি দলই সেমিফাইনালে। তবে শুধু র্যাঙ্কিং নয়, সেমিফাইনালে ওঠা চার দলই অতীতে অন্তত একবার করে বিশ্বকাপ জিতেছে। অর্থাৎ, এবারও কোনো নতুন দল চ্যাম্পিয়ন হচ্ছে না। এর আগে ১৯৭০ এবং ১৯৯০ সালের বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল।