1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন
শেষ ওভারে একের পর এক ছক্কার বৃষ্টি আর পরে স্পিনারদের ঘূর্ণিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল বাংলাদেশ। বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনল টাইগাররা।

বাংলাদেশের ব্যাটিংয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে তারা তুলে নেন ১২০ রান। তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন যাতে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রানে থামেন, তার ইনিংস সাজানো ৮টি চার ও এক ছক্কায়।

দুই ওপেনার ফিরে যাওয়ার পর হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ১৪ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। অধিনায়ক তাওহীদ হৃদয় মাত্র ৬, পারভেজ হোসেন ইমন ১ ও নুরুল হাসান সোহান ৪ রান করে সাজঘরে ফেরেন।

তবে শেষ দিকে এসে ম্যাচের চেহারা পাল্টে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ওভারে ব্র্যাড ইভান্সের বলে টানা চার ছক্কা হাঁকিয়ে ২৮ রান তুলে নেন তিনি। মাত্র ১০ বলে ৪ ছক্কায় অপরাজিত ৩১ রান করেন সাইফউদ্দিন। ইয়াসির আলী ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারে ১৫ রান তুললেও শেষ বলে প্রথম উইকেট হারায় তারা। এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স দ্রুত ফিরে যাওয়ায় ২১ রানেই তিন উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা।

অধিনায়ক সিকান্দার রাজা ১২ বলে ২৮ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রিশাদ হোসেনের ঘূর্ণিতে তিনি ফিরে গেলে জিম্বাবুয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়। রিশাদ পরে মিল্টন শুম্বা ও রায়ান বার্লকেও আউট করেন। বার্ল ১৯ বলে ২৯ রান করেন।

শেষদিকে ব্র্যাড ইভান্স ১৪ বলে ২৫ রান করে লড়াই চালিয়ে গেলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানিকে বোল্ড করে ম্যাচ শেষ করেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয়।

রিশাদ হোসেন ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৪ উইকেট। মেহেদী হাসান ৩ উইকেট নেন ২৪ রানে। এছাড়া নাহিদ রানা, সাইফ হাসান ও সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরেছে। আগামী রোববার একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )