


রংপুরের পীরগঞ্জে পরিচয়হীন এক কিশোরীকে উদ্ধার করে তার পরিচয় শনাক্ত না হওয়ায় নিরাপদ হেফাজতে রাখার আবেদন করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে কিশোরীকে সরকারি চাইল্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
দরখাস্ত সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) দেলোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের ফলিয়ার বিল বাজার এলাকায় যান। সেখানে আনুমানিক ১৮-১৯ বছর বয়সী এক কিশোরীকে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার নাম-পরিচয় জানার চেষ্টা করা হলেও সে নিজের পরিচয় স্পষ্টভাবে বলতে পারেনি। জিজ্ঞাসাবাদে কোনো ঠিকানাও দিতে না পারায় তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ অবস্থায় কিশোরীর নিরাপত্তার স্বার্থে তাকে নারী পুলিশের সহায়তায় থানায় এনে হেফাজতে রাখা হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়ে তার পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করে জানান, কিশোরীর নাম-ঠিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে নিরাপদ হেফাজতে রাখা প্রয়োজন।
আদালত আবেদন মঞ্জুর করে কিশোরীকে চাইল্ড কেয়ার সেন্টার, কোতোয়ালি, রংপুরে প্রেরণের নির্দেশ দেন। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন , কিশোরীর প্রকৃত পরিচয় শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরিচয় নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।