1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিদ্যাকে ছাড়াই কি আসছে ‘কাহানি ৩’? | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বিদ্যাকে ছাড়াই কি আসছে ‘কাহানি ৩’?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন

এক যুগ আগে বলিউডে সাড়া ফেলেছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই থ্রিলার সিনেমায় বিদ্যা বালানের দুর্দান্ত অভিনয় এবং ভিন্নধর্মী গল্প দর্শকদের মুগ্ধ করেছিল। পরে ২০১৬ সালে ‘কাহানি ২’ মুক্তির পরও সেই জনপ্রিয়তা বজায় ছিল। এবার প্রায় ১০ বছর পর আবারও আলোচনায় এসেছে ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, ‘কাহানি ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তবে এবার ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পরিচালক হিসেবে সুজয় ঘোষ থাকলেও প্রধান চরিত্রে বিদ্যা বালানকে দেখা নাও যেতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।

খবরে বলা হয়েছে, নির্মাতারা এবার মুখ্য চরিত্রের জন্য অভিনেত্রী ইয়ামি গৌতমকে বিবেচনা করছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে চিত্রনাট্য, শুটিং সূচি এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে কাজ চলছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘কাহানি ৩’ সম্পূর্ণ নতুন গল্প নিয়ে নির্মিত হবে। তবে আগের দুই কিস্তির মতো এবারও নারীপ্রধান কাহিনিকেই গুরুত্ব দেওয়া হবে। ইয়ামি গৌতমকে নেওয়া হলে তার চরিত্রটি হবে অত্যন্ত শক্তিশালী ও গল্পের কেন্দ্রবিন্দু।

বিদ্যা বালানকে ছাড়া ‘কাহানি’ কল্পনা করতে পারছেন না অনেক ভক্ত। তাই ইয়ামির নাম সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। একাংশের মতে, বিদ্যার বিকল্প হওয়া কঠিন। আবার অন্যদের বিশ্বাস, শক্তিশালী চরিত্রে ইয়ামি গৌতমও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম।

উল্লেখ্য, সম্প্রতি ‘আর্টিকেল ৩৬০’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম। ফলে ‘কাহানি ৩’-এর সম্ভাব্য প্রধান চরিত্রে তার নাম উঠে আসায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। তবে বিদ্যার পরিবর্তে সত্যিই ইয়ামিকে দেখা যাবে কি না, সে উত্তর মিলবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার পরই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )