1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যে কারণে ইরানের সঙ্গে আলোচনায় বার বার ব্যর্থ যুক্তরাষ্ট্র | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

যে কারণে ইরানের সঙ্গে আলোচনায় বার বার ব্যর্থ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ জন দেখেছেন

ইরানের সঙ্গে আলোচনায় কেন বারবার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে-এমন প্রশ্নের জবাবে দুটি কারণ তুলে ধরেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, প্রথমত ইরানিরা অত্যন্ত একগুঁয়ে এবং দ্বিতীয়ত দেশটির শাসনব্যবস্থা বিভক্ত। ভ্যান্স বলেন, শাসনকাঠামোর মধ্যে এমন অনেকে আছেন, যারা যুদ্ধের অবসান চান। আবার এমন কট্টরপন্থি গোষ্ঠীও রয়েছে, যারা সংঘাত অব্যাহত রাখতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো এসব বাধা অতিক্রম করে মার্কিন জনগণ এবং প্রেসিডেন্টের জন্য সবচেয়ে ভালো ফলাফল নিশ্চিত করা। ভ্যান্স আশাবাদ প্রকাশ করে বলেন, এই সংঘাতের একটি সমাধান হবে। তবে তিনি সতর্ক করে বলেন, পুরো প্রক্রিয়াটি জটিল এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সময় লাগতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে তেলের দাম কমে স্থিতিশীল হবে।

 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না এবং যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী অবস্থানে থাকবে। তবে সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তার হাতে থাকা সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক-সব ধরনের হাতিয়ার ব্যবহার করবে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের ‘সঠিক অবসান’ ঘটাতে যুক্তরাষ্ট্রের হাতে থাকা সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রয়োজন হলে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক-সব ধরনের কৌশলই ব্যবহার করবে ওয়াশিংটন। বুধবার (৫ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এ মন্তব্য করেন।

 

এদিকে বুধবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক পদক্ষেপের পরিবর্তে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। ট্রাম্প বলেন, তিনি মানুষ হত্যা করতে চান না, তাই যুদ্ধের পরিবর্তে সমঝোতাকেই অগ্রাধিকার দিচ্ছেন। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বলপ্রয়োগের পথও যুক্তরাষ্ট্রের জন্য খোলা রয়েছে বলে সতর্ক করেন তিনি।

গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর করে এবং চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা নিয়ে মতপার্থক্যের কারণে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।

 

এরপর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা চালালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে তেহরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )