


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালীতে নৌ অবরোধের মধ্যে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ এবং ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী সফর শেষ করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ১০ দিনের সফরে কুপার ছয়টি উপসাগরীয় দেশ সফরের পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ অবরোধ কার্যকর করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার লিংকনে গেলেন কুপার। সেখানে তিনি রণতরীটির নাবিক ও সেনাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। তিনি লিংকনের বর্তমান মোতায়েনকে আধুনিক যুগের অন্যতম তীব্র সামরিক মোতায়েন হিসেবে উল্লেখ করেন। সান দিয়েগোভিত্তিক ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বর মাসে মোতায়েন করা হয়।
এরপর চলতি বছরের জানুয়ারিতে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছে। তখন থেকে রণতরীটি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’, আঞ্চলিক নিরাপত্তা কার্যক্রম এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধে সহায়তা করে আসছে। সেন্টকম জানিয়েছে, এই সময়ের মধ্যে লিংকন থেকে হাজার হাজার সামরিক মিশনে বিমান পরিচালনা করা হয়েছে।
কর্মীদের অসন্তোষে আলোচনায় লিংকন
এদিকে ইউএসএস আব্রাহাম লিংকন সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের অসন্তোষের কারণে আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরে রণতরীটিতে মোতায়েন থাকা নাবিক ও সেনাদের কাজের পরিবেশ, মানসিক চাপ এবং দীর্ঘ সময় সমুদ্রে থাকার বিষয়টি নিয়ে তাদের পরিবার ও মার্কিন রাজনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই লিংকনের দায়িত্ব নিতে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। ফলে দীর্ঘদিন মোতায়েন থাকা লিংকনকে দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। তবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ করে ইউএসএস আব্রাহাম লিংকনের দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। সূত্র: আল জাজিরা