1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ জন দেখেছেন
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচার মশিউর রহমান খান এ রায়  প্রদান করেন। এ মামলায় মূল অভিযুক্ত আসামি চিহ্নিত মাদককারবারি জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে খালাস দিয়েছে আদালত।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
এ রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে সাংবাদিক উৎস রহমানের পরিবার।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের একটি স্থানীয় দৈনিক যুগের আলোর অফিসে যান সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান। এরপর রাতে আর তিনি বাড়ি ফিরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় নৃশংসভাবে হত্যার শিকার উৎস রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম নুরী রংপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় এবং আদালত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর দীর্ঘ ১০ বছর নয় মাসের বেশি সময় ধরে মামলাটির বিচারকার্য চলে। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আইনজীবীদের যুক্তিতর্ক বুধবার বিচারক মামলার রায় প্রদান করেন।
মামলার বাদী নুর জাহান বেগম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, মামলার মূল অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যা করিয়েছে। অথচ আদালত হত্যাকাণ্ডের সেই মাস্টার মাইন্ডকেই বেকসুর খালাস দিয়েছে। এ রায়ে আমরা আইনজীবীসহ নিহতের পরিবার সংক্ষুব্ধ। এ মামলার বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। এভাবে হত্যার পর মূলহোতা পার পেয়ে গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
 
এদিকে এই রায় নিয়ে সাংবাদিক সমাজও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা সভাপতি মমিনুল ইসলাম রিপন বলেন, সবাই জানে এই হত্যাকাণ্ডের নেপথ্যে অর্থের যোগানদাতাকে এবং কার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু আদালত প্রমাণের অভাবে সেই মূলহোতাকে মামলা থেকে খালাস দিয়েছে। আমরা মনে করি এই রায় বাদী তার সন্তান হারানোর ঘটনা যে মাস্টারমাইন্ড তার ব্যাপারে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।
দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু বলেন, এই রায় সন্তোষজনক নয়। দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে, মূলহোতাও বেখসুর খালাস পেল, সব মিলিয়ে বিস্ময়কর। আমরা মনে করি, উচ্চ আদালতে গেলে সাংবাদিক উৎস রহমান হত্যার মাস্টারমাইন্ড খালাস পাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )