1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আমানত বাড়লেও ঋণপ্রবাহে ভাটা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অলস টাকার পাহাড় | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

আমানত বাড়লেও ঋণপ্রবাহে ভাটা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অলস টাকার পাহাড়

ঢাকা অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বাড়ছে, কিন্তু সেই অর্থের বড় অংশই ঋণে রূপান্তরিত হচ্ছে না। ফলে একদিকে এসব ব্যাংকে তারল্য বাড়ছে, অন্যদিকে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন থাকা উদ্যোক্তারা পর্যাপ্ত ঋণ পাচ্ছেন না। ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা ও বাস্তবে বিতরণ করা ঋণের মধ্যে ব্যবধানও ক্রমে বড় হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অনুযায়ী, প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে প্রচলিত ধারার একটি ব্যাংক সর্বোচ্চ ৮৫ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। অথচ রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত ঋণ-আমানত অনুপাত (এডিআর) বর্তমানে প্রায় ৬০ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে গড়ে মাত্র ৬০ টাকা ঋণ হিসেবে বিতরণ করা হচ্ছে। ফলে ঋণ দেওয়ার সক্ষমতার একটি বড় অংশ অব্যবহৃত থাকছে।
গত এক বছরে ব্যাংকগুলোর সম্ভাব্য ঋণ দেওয়ার সক্ষমতা ও প্রকৃত ঋণের ব্যবধান প্রায় ৪১ শতাংশ বেড়েছে। চলতি বছরের জুন শেষে এ ব্যবধান দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ বিদ্যমান বিধিবিধানের মধ্যে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার সুযোগ থাকলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সেই সক্ষমতার বড় অংশ কাজে লাগাতে পারছে না।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আমানত আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। বিপরীতে ঋণ বেড়েছে ১ শতাংশেরও কম।
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সম্প্রতি এসব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছরে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। অথচ একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে মাত্র প্রায় ৩ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকগুলোতে নতুন করে যে বিপুল অর্থ জমা হয়েছে, তার সামান্য অংশই ঋণ হিসেবে বেসরকারি খাত ও উদ্যোক্তাদের কাছে গেছে।
বরং ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছয় ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল তিন লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা কমে প্রায় তিন লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ বছরের প্রথম ছয় মাসে মোট ঋণ কমেছে প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের সঙ্গে যুক্ত সুদের অর্থ বাদ দিয়ে প্রকৃত ঋণ প্রবৃদ্ধি হিসাব করলে পরিস্থিতি আরও দুর্বল দেখা যাবে।
ব্যাংকের আমানতের কত অংশ ঋণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা বোঝার অন্যতম সূচক হলো এডিআর। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলো সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত এডিআর রাখতে পারে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত এডিআর এখন প্রায় ৬০ শতাংশে নেমে এসেছে।
গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের প্রতিটির এডিআর কমেছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর সবচেয়ে কম—৪৮ শতাংশ। গত ডিসেম্বরে ব্যাংকটির এডিআর ছিল ৫৮ শতাংশ।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের এডিআর সবচেয়ে বেশি, ৮১ শতাংশ।
চলতি বছরের মার্চেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আমানত প্রবৃদ্ধির দিক থেকে ব্যাংক খাতের শীর্ষে ছিল। ওই সময় তাদের আমানত প্রবৃদ্ধি ছিল প্রায় ১২ শতাংশ। অথচ ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ। একই সময়ে পুরো ব্যাংক খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১ শতাংশ।
মার্চে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এডিআর ছিল প্রায় ৬৭ শতাংশ। বিপরীতে বেসরকারি ব্যাংকের এডিআর ছিল ৮০ শতাংশ এবং পুরো ব্যাংক খাতের ৭৬ শতাংশের কাছাকাছি।
দেশের ব্যাংক খাতের মোট আমানতের প্রায় ২৪ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে থাকলেও মোট ঋণের বিপরীতে তাদের অংশ মাত্র ১৯ শতাংশ। অন্যদিকে ইসলামী ব্যাংকগুলোর হাতে মোট আমানতের প্রায় ১৭ শতাংশ থাকলেও মোট ঋণের ২৭ শতাংশ তারা বিতরণ করেছে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, বড় ঋণের পরিবর্তে বর্তমানে ছোট, কৃষি, নতুন ও নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে সামগ্রিকভাবে ঋণের প্রবাহ কম মনে হতে পারে। তবে এসব ঋণের ঝুঁকি তুলনামূলক কম।
তিনি বলেন, একই সময়ে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ অবলোপন হচ্ছে। কিন্তু সেই তুলনায় নতুন ঋণ বিতরণ বাড়ছে না। এ কারণে আমানত সংগ্রহের তুলনায় ঋণ বিতরণের পরিমাণ কম দেখা যাচ্ছে।
অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের উচ্চ সুদহার ও ব্যাংকগুলোর সতর্ক অবস্থানও ঋণ প্রবৃদ্ধি কমার পেছনে ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি বিনিয়োগ মন্দার কারণে ঋণের চাহিদাও কমেছে।
সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও এক ধরনের সতর্কতা তৈরি হয়েছে। ভবিষ্যতে ঋণ দেওয়ার কারণে জবাবদিহির মুখে পড়ার আশঙ্কায় অনেক কর্মকর্তা নতুন ঋণ বিতরণে আগ্রহী হচ্ছেন না।
তিনি আরও বলেন, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়া, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ এবং মূল্য নিয়ে অনিশ্চয়তা উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ থেকে দূরে রাখছে। ফলে ঋণের চাহিদাও কমে যাচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং সাধারণ মানুষের আস্থার কারণে এসব ব্যাংকে আমানত তুলনামূলক বেশি আসে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থাকায় সাধারণ মানুষ সহজে সেখানে অর্থ জমা রাখতে পারেন।
তবে দ্রুত সেবা ও তুলনামূলক নমনীয়তার কারণে বড় ব্যবসায়ীদের একটি অংশ বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছেন। গাড়ি ও ফ্ল্যাট কেনার ঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং পণ্য ও সেবা দেওয়ার ক্ষেত্রেও বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে রয়েছে।
নাজনীন আহমেদ বলেন, ভবিষ্যতেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে সেই ভূমিকা কার্যকর রাখতে ব্যাংকগুলোর দক্ষতা বাড়ানো, ঋণসেবার পরিধি বিস্তৃত করা এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
নাজনীন আহমেদের মতে, খেলাপি ঋণ বাড়লে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা কমার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। ব্যাংকগুলোর হাতে অর্থ রয়েছে, অথচ বেসরকারি খাতে ঋণের চাহিদা দুর্বল। এর অর্থ হলো উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অথবা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাচ্ছেন না।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকগুলোর কর্মকর্তাদের এ নির্দেশ দেন। বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষক, নারী উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন খাতে ঋণ বাড়াতে বলা হয়েছে।
নাজমা মোবারেক বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার তুলনায় অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এডিআর অনেক কম। ফলে বিদ্যমান আমানতের একটি অংশ ভালো ও আয় সৃষ্টিকারী ঋণে রূপান্তরের সুযোগ রয়েছে। তবে এডিআর বাড়াতে গিয়ে কোনোভাবেই ঋণ দেওয়ার মানদণ্ড শিথিল করা যাবে না।
অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর মধ্যে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের চিত্রও সন্তোষজনক নয়। গত ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এ খাতে ঋণের পরিমাণ প্রায় ২ শতাংশ কমে ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
তবে কৃষিঋণ বিতরণে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ব্যাংকগুলো। ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক সম্মিলিতভাবে প্রায় ৪ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা জাতীয় লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ। এ ক্ষেত্রে শুধু বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
সার্বিকভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমানতকে উৎপাদনশীল ও আয় সৃষ্টিকারী ঋণে রূপান্তর করা। তবে ঋণের মান ও ঝুঁকি ব্যবস্থাপনায় ছাড় না দিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে কার্যকরভাবে অর্থের প্রবাহ নিশ্চিত করাই হবে এসব ব্যাংকের জন্য মূল পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )