


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাকিল আহম্মেদ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে রংপুরের হত্যা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। শনিবার(২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম। গ্রেপ্তার শাকিল আহম্মেদ শাকিল উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।
জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট আ’লীগের দুইগ্রুপের সংর্ঘষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুন্না নিহত হোন। নিহতের পিতা আব্দুল মজিদ ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে । এরপর মঙ্গলবার মামলার বাদী আব্দুল মজিদ ১২ জন আসামির নাম প্রত্যাহার চেয়ে এফিডেভিটের কাগজ আদালতে দাখিল করে কাঠগড়ায় দাঁড়ালে বিচারক বাদীর কাছে জানতে চান, তিনি কেন এই আসামিদের নাম প্রত্যাহার করতে চাচ্ছেন। তখন বাদী আদালতকে জানান, তিনি আসামিদের চেনেন না। বিচারকের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে মামলার বাদী আব্দুল মজিদ জানান, তার কাছে ফাঁকা কাগজে স্বাক্ষর নিয়েছিলেন দুই ব্যক্তি।
এরপর আদালত এফিডেভিট গ্রহণ করে মামলার বাদী আব্দুল মজিদকে কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দেন। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন দিয়ে ৫ ঘণ্টা পর মুক্ত হন তিনি। লালমনিরহাট গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামী শাকিল আহম্মেদ আত্নগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রংপুরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।