


রাজধানীর খিলক্ষেতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রংপুর থেকে রিপন মিয়া নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ট্রাকচালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পুলিশের গাড়ির পিছনে ধাক্কা দিয়ে কনস্টেবল রায়হান সরকারকে হত্যার অভিযোগ রয়েছে।
পরবর্তীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাকচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাকচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে ট্রাকচালক হিসেবে মো. রিপন মিয়ার নাম উঠে আসে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন মঙ্গলবার রাতে রংপুরের গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কাগজীপাড়া থেকে ওই ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। রিপন মিয়া গাইবান্ধা সদর উপজেলার উজির ধরণীবাড়ি গ্রামের বাসিন্দা।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কাগজিপাড়া থেকে ট্রাকচালক রিপনকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ২৬ অক্টোবর ট্রাক নিয়ে ৩০০ ফিট হতে কুড়াতলী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে গাড়িচালক কনস্টেবল রায়হান সরকার ও কনস্টেবল লিয়াকত আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক ওই কনস্টেবল রায়হান সরকারকে মৃত ঘোষণা করেন।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম জানায়, কনস্টেবল নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার রিপন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।