
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা বিএনপি লড়াই করে গণতন্ত্র ফেরত আনবো। তিনি মঙ্গলবার বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ৮ম দিনের দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সমসাময়িক কয়েকটি বিপ্লব আমরা দেখেছি, ইরাকে ও মিশরে। যেখানে গণঅভ্যুত্থানের পরে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ থাকে। এই রেশ যখন জনপতিত হয়, তখন একদল বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা বিএনপি ওই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং থাকবো। টুকু বলেন, খুনি শেখ হাসিনার আদালত আমাকে ৯বছরের সাজা দিয়েছিলো, ২বছর হয় দেশে ফিরেছি। আমি হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি, এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণের কোন অর্থ হয় না। খুনি শেখ হাসিনার কাছে আমি মাথা নত করি নাই।
তিনি শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করায় টুর্ণামেন্ট এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহি কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, শেখ হাসিনার ১৬বছরের শাসন আমলে আমাদের যখন মামলা – হামলায় কোনঠাসা করে রেখেছিলো তখন দুলু নানা ধরনের খেলা ধুলার মাধ্যমে লালমনিরহাটের বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছেন।
এসময় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু সহ রংপুর বিভাগের ৮জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related