


গত কয়েকদিন ধরে জাতীয় খেলা কাবাডির কমিটি নিয়ে শিরোনাম। অথচ কোর্টে কোনো খেলা নেই। এমন পরিস্থিতিতে নেপাল কাবাডি লিগে খেলার সুযোগ এসেছে খেলোয়াড়দের সামনে। নেপালের লিগে খেলতে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ৬ জন খেলোয়াড়ের নাম পাঠিয়েছে।
দুই রেইডার মিজানুর ও শাহান, দুই অলরাউন্ডার ইয়াসিন আরাফাত ও মনিরুল চৌধুরী, দুুই ডিফেন্ডার সবুজ মিয়া ও রোমান হোসেন নেপাল কাবাডি লিগে খেলতে পারেন। খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমাদের কোচিং প্যানেল রয়েছে। তারা নেপালের নির্দেশনা অনুযায়ী নির্বাচন করেছে। নেপাল পজিশনভিত্তিক দুই জন করে খেলোয়াড় চেয়েছে।’

নেপাল বাংলাদেশের চেয়ে কাবাডিতে পিছিয়ে ছিল। সেই নেপাল এশিয়ান গেমসে গত বছর পদক জিতে। আর বাংলাদেশ ফিরে আসে শূন্য হাতে। এখন বাংলাদেশের খেলোয়াড়রা যাচ্ছেন সেই নেপালের লিগ খেলতে।