
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে খাইরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের পাশে একটি পুরনো কবরস্থানের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত খাইরুন নাহার দুওসুও ইউনিয়নের জিয়া খোর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মোহাম্মদ তাজমুল কয়েকদিন আগে কুমিল্লা কাজ করতে গিয়েছেন ।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো খাইরুন নাহার শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। সকালে তাঁকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। বাড়ির পাশে তার পায়ের জুতা পড়ে থাকতে দেখে সেখান থেকে অনুসরণ করে একটি পুরনো কবরস্থানে গিয়ে মরদেহ পাওয়া যায়। হাত-মুখ বাঁধা অবস্থায় চিত করে ফেলে রাখা হয়েছিল তাঁকে। মরদেহের ওপর গাছের শুকনো পাতা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছিল।
নিহতের এক আত্মীয় বলেন, “বিয়ের পর থেকেই খাইরুন নাহার সন্তানের মা হতে না পারায় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। আমরা আশঙ্কা করছি, এই নির্যাতনের জের ধরেই তাঁর মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বলেন, “মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”
Related