1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়ির মানিককোড় উচ্চ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে বাধা, শিক্ষার্থীদের বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ফুলছড়ির মানিককোড় উচ্চ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে বাধা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে স্থানীয় এক পক্ষ বাধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২ জুলাই) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। এ সময় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে স্কুলটির চারপাশে সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন। সম্প্রতি বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হলে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি নির্মাণ কাজে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুজ্জামান বাবু বলেন, ‘এই জমি কয়েক দশক আগে বিদ্যালয়ের নামে ক্রয় করা হয়। জমির সকল বৈধ কাগজপত্র বিদ্যালয়ের কাছে রয়েছে। এমনকি দুই বছর আগে সরকারি বরাদ্দে জমির পুকুর ভরাট করা হয়েছে। এতদিন কেউ কোনো দাবি করেনি। এখন সীমানা প্রাচীর নির্মাণের সময় হঠাৎ একটি পক্ষ জমির মালিকানা দাবি করছে। তবে তারা কোনো দলিলপত্র দেখাতে পারেনি। আমাদের ধারণা, তারা ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে চায়।’

 

বাধা প্রদানকারী শফিকুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে জমির কাগজপত্র দেখাতে পারছি না। তবে আমরা দলিলপত্র সংগ্রহ করে নিজেদের দাবি প্রমাণ করবো।’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল কুমার বর্মন বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়ন কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন।’

 

ঘটনাস্থলে থাকা ফুলছড়ি থানার এসআই সাদিক উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির কাগজপত্র যাচাই করে দ্রুত বিষয়টির সুরাহা করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )