1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সরকারী সড়ক দখলের পাঁয়তারা, জনদুর্ভোগ চরমে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সরকারী সড়ক দখলের পাঁয়তারা, জনদুর্ভোগ চরমে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৮৯ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে একটি সরকারী রাস্তা দখলের পাঁয়তারা করছে কথিত এক ভূমি মালিক। তিনি এ নিয়ে দখলের নানা আয়োজন সম্পন্ন করেছেন। এর ফলে ওই এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় রাউতা গ্রামের মাদ্রাসাপাড়া পৌর এলাকায়।
জানা যায়, ওই এলাকায় ৭১৬৭ নং দাগে একটি সরকারী রাস্তা সি.এস ও এস.এ রেকর্ডে প্রচলিত রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ওই সড়ক দিয়ে চলাচল করে আসছেন। কিন্তু একই এলাকার মৃত নজমল হকের ছেলে আব্দুর রাজ্জাক প্রভাব খাটিয়ে ওই সড়কটি নিজের নামে বি.এস রেকর্ডভুক্ত করে দীর্ঘদিন ধরে দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন।

এলাকাবাসীর প্রতিবাদে সরাসরি দখল নিতে না পারায় সম্প্রতি তিনি সড়কটি অচল করার নানা পাঁয়তারা শুরু করেছেন। কখনো সড়কের দুই পাশে বাঁধ দিয়ে পানি জমিয়ে রাখছেন, আবার শুকনো মৌসুমে সেচ পাম্প দিয়ে পানি ঢেলে ও হালচাষ করে কাদা সৃষ্টি করছেন। এতে করে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি সড়কের কিছু অংশে বেড়া দিয়ে দখলের চেষ্টা এবং কোথাও ময়লার ভাগাড় তৈরি করে রেখেছেন।

এর ফলে ওই সড়ক ব্যবহারকারী পরিবারগুলো মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় ভুক্তভোগী মাহাবুল আলম জানান, “সড়কের এ অবস্থার কারণে এলাকাবাসী খুবই কষ্টে আছেন। সড়কটি ইচ্ছাকৃতভাবে চলাচলের অযোগ্য করে রাখা হয়েছে। আমরা সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”

অভিযুক্ত আব্দুর রাজ্জাক অবশ্য দাবি করেছেন, সড়কটি তার নিজস্ব জমি। তিনি বলেন, “এলাকাবাসী নিজেরাই সড়ক কাদা করে রেখেছে। এখানে আমার করার কিছু নাই।”

এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী জানান, “আমি বিষয়টি এখনো জানি না। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )