


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে রেগুলেটর (স্লুইস গেট) নির্মাণ ও খাল সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার সকালে ফুলছড়ি উপজেলা সদরের বটতলা চৌরাস্তায় উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহ্বায়ক রেবতী বর্মন, কমিউনিস্ট পার্টির ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক রানু সরকার, সদস্য আব্দুল্লা সরকার, ইউনুস আলী, উত্তম বর্মন, সাধন চন্দ্র বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রতনপুর এলাকার রেগুলেটরটি (স্লুইস গেট) বাঁধ সংস্কারের সময় বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড। এই রেগুলেটর দিয়ে ব্রহ্মপুত্র নদের পানি প্রবেশ ও বাহির হয়ে যেত। কিন্তু রেগুলেটরটি বন্ধ করার কারণে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উড়িয়া ও উদাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এতে করে মৎস্যজীবী সহ এলাকার কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। পরে মানববন্ধনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।