


আগামীকাল (১২অক্টোবর) রোববার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের মাঝে টিকাদানের বিভিন্ন উপকরণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপস্থিত থেকে স্বাস্থ্য সহকারীদের কাছে এ সব উপকরণ সরবরাহ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সার্ভিলেন্স এন্ড ইমোলাইজেশন মেডিক্যাল অফিসার (এসআইএমও) ডা. মো. মিজানুর রহমান।
সরবরাহকৃত এ সব উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে সিরিঞ্জ, সেফটি বক্স, এইএফআই কিটবক্স, বর্জ্য অপসরণ ব্যাগ, ট্যাব ফর্ম, লাইন লিস্টিং ফর্ম ও হোয়াইট লিষ্ট ফর্ম প্রভৃতি। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন জানান, আজ সকাল নয়টায় সৈয়দপুর উপজেলায় শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া (চড়কপাড়া) এলাকায় অবস্থিত সৈয়দপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, নীলফামারী জেলা সিভিল সার্জন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন । আজ ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে কমিউনিটি পর্যায়ে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। তবে এ কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের ফাইফয়েড টিকাদান করা হবে।
উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ৩১৪ জন। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ৫২০টি কেন্দ্রের মাধ্যমে ওই টিকা প্রদান করা হবে।