


নীলফামারীর সৈয়দপুরে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল সংলগ্ন সুমনা ফিলিং স্টেশনের সামনে একটি দূরপাল্লার বাস থেকে ওই গাঁজা উদ্ধার করে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এ সময় জুয়েল মিয়া (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ১০ লাখ ৬০ হাজার টাকা। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আটক জুয়েল মিয়াকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী আদালতে পাঠিয়েছে পুলিশ। নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে জানতে পারে পঞ্চগড়গামী একটি বাসে মাদকের একটি বড় চালান আসছে।
এমন তথ্যের ভিত্তিতে সংস্থার উপপরিদর্শক সাকিব সরকারের নেতৃত্বে সংস্থাটির একটি টিম সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল সংলগ্ন সুমনা ফিলিং স্টেশনের সামনে এলাকায় অবস্থান নেয়। পরে গাজীপুরের মাওনা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী স্টার ট্রাভেলস্ (ঢাকামেট্রো – ব- ১২-১৩০৯)বাসটি থামিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসের বি-১ সিটের যাত্রী জামালপুর সদর থানার মেষ্টা ইউনিয়নের দেউলিয়া বাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জুয়েল মিয়ার (৩৮) দেহ তল্লাশি করে ব্যাগের টোকেন পাওয়া যায়।
পরে ওই যাত্রীর কাছে পাওয়া ব্যাগের টোকেন নম্বর ধরে বাসের লকারে থাকা ব্যাগ ও কার্টুন থেকে সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সে উদ্ধারকৃত গাঁজা তার বলে স্বীকার করে। এ সময় তার একটি মোবাইল ফোন সেট ও বাসের টিকিট ও ব্যাগের টোকেন জব্দ করা হয়। এ ব্যাপারে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি জুয়েলকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।