


নীলফামারী-০১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মনোনয়ন দেয়ার দাবীতে নীলফামারীর ডিমলায় মশাল মিছিল হয়েছে সর্বস্তরের মানুষের ব্যানারে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ডিমলা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মশাল মিছিল শেষে সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির, মহিলা দল নেত্রী নাজনীন আক্তার প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল। নীলফামারী-০১ আসনে এই এলাকার প্রিয় মানুষ শাহরিন ইসলাম তুহিনকে মনোনয়ন দেয়া না হলে নির্বাচনী এলাকা অচল করে দেয়ার হুমকী দেয়া হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ করে বলেন আপনার সিদ্ধান্ত পুর্নবিবেচনা করুন। এই আসনটি আমরা আপনাকে উপহার দিবো। তুহিন ভাই না থাকলে এই আসনে প্রার্থীকে বিজয়ী করা অসম্ভব। প্রসঙ্গত নীলফামারী-০১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে বিএনপি জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে।