


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে দৃশ্যপটে টিআর-কাবিটা প্রকল্পে পাল্টে গেছে গ্রামীণ রাস্তা-ঘাট। অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। সরকারের টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের সুফল পৌঁছে গেছে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাবিটা ও কাবিখা (টিআর) উন্নয়ন প্রকল্পের সোলিং রাস্তা, সিসি রাস্তা, ড্রেন, প্যালাসাইডিং ও ইউ ড্রেন নির্মান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন।
সোমবার দিনব্যাপী উপজেলার হরিরামপুর ইউনিয়নের চলমান এ সকল উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: ছানাউল্লাহ।
২০২৫-২০২৬ অর্থ বছরে পার্বতীপুরে কাবিটা, কাবিখা, টিআর কর্মসূচীর আওতায় ২৪০টি প্রকল্পের কাজ দীর্ঘদিন পর স্বচ্ছতার সাথে হচ্ছে জানান স্থানীয়রা। প্রকল্পের কাজ নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো: সাদ্দাম হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্লাহ। এসময় প্রকল্প সভাপতিকে বলেন কোন প্রকার অনিয়ম যেন না হয়। যদি হয় তাহলে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কঠিন হুশিয়ারি দেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ জানান, কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের আওতায় এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিগত সময়ের চেয়ে এবার প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ইউএনও স্যার ও পিআইও’র তদারকি সবচেয় বেশি ছিল। ফলে প্রকল্পের কাজগুলো মানসম্মত হয়েছে। পলাশবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম জানান, তার ওয়ার্ডে অবহেলিত কাঁচা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে। পিআইও স্যার প্রকল্পের কাজের তদারকি কর্মকর্তা ছিলেন। তারা প্রকল্পের কাজগুলো দেখে সন্তোষ প্রকাশ করেছে। মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ বলেন, বর্তমান পিআইও স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তি। তিনি টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের শতভাগ উন্নয়নমুলক সম্পন্ন হয়েছে।
প্রকল্প বিষয়ে কথা হয় এলাকার দুর্গাপুরের শাহজাহান আলী (৬০), শাহ গ্রামের রবিউল ইসলাম ও দেগলাগঞ্জ বাজারের হাবিবুর রহমান সাথে। তারা বলেন, একটা সময় এসব প্রকল্পের কাজ কি? কেউ জানতো না। এখন গ্রামে যখন ঘনো ঘনো গাড়ী নিয়া ইউএনও স্যার ও পিআইও আসে তখন গ্রামের মানুষ জানতে পারে কাজ হচ্ছে। আগে তো এসব প্রকল্পে কেউ আসছে এমন একটা চোখে পড়েনি। দেখাশুনার জন্যে প্রকল্পের কাজগুলো ভাল হয়েছে। পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্লাহ বলেন, টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে হয় সেই জন্য নিয়মিত তদারকি করা হয়। প্রকল্পের সভাপতিদের বলা হয়েছে কোন প্রকার অনিয়ম যেন না হয়।
যদি কোন প্রকল্প সভাপতি তার প্রকল্পে অনিয়ম করে তাহলে তার প্রকল্পের টাকা পাবে না। একাধিক প্রকল্পের সভাপতিদের সাথে কথা হলে তারা জানান, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সার্বক্ষণিক খোজ খবর রাখছেন এবং তদারকি করছেন। অনিয়ম করার সুযোগ নেই। তারা আরও বলেন, বর্তমান ইউএনও স্যারের চোখ ফাঁকি দিয়ে অনিয়ম করা সম্ভব না। এবিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন বলেন, আমি নিজেও প্রকল্পগুলো পরিদর্শন করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সার্বক্ষণিক তদারকি করছে। উপজেলায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। আশা করছি, প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।