


দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নতুন এই দর ঘোষণা করা হয়, যা সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়।
তবে বাস্তব চিত্র ভিন্ন। সরকার নির্ধারিত দরের চেয়েও বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ উঠেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কোথাও ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯৫০ টাকায়, কোথাও ২ হাজার টাকায়, আবার কোথাও ২ হাজার ১০০ টাকায়।
স্থানীয় ভোক্তাদের অভিযোগ, এপ্রিলের শুরুতেই সরকার বড় অঙ্কের মূল্যবৃদ্ধি করেছে। তার ওপর খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম নেওয়ায় তারা দ্বিগুণ চাপে পড়েছেন। প্রশাসনের নজরদারির অভাবে ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি সিন্ডিকেট ইচ্ছামতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে বলেও অভিযোগ করেন তারা। গ্যাস কিনতে এসে ভোগান্তির কথা তুলে ধরে আতাউর রহমান বলেন, রান্নার গ্যাস ছাড়া চলার কোনো উপায় নেই। বাধ্য হয়েই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।
একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন আরেক ক্রেতা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এভাবে দাম বাড়তে থাকলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে। সরকার দাম বাড়ালেও দোকানদাররা আরও বাড়িয়ে দেয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দরকার। অন্যদিকে, কয়েকজন এলপিজি সিলিন্ডার বিক্রেতা দাবি করেছেন, তারা কোম্পানি পর্যায়েই বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। ফলে বাধ্য হয়েই ভোক্তা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, বিষয়টি আপনার কাছে জানলাম। খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। এদিকে, দেশের সব ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির আহ্বান জানিয়েছেন এলপিজি অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক।
একই সঙ্গে নির্ধারিত দামের বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান। ভোক্তাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।