মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি খানসামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যা উৎসবে যোগ করে ব্যাপক প্রাণচাঞ্চল্য।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ভাত। পান্তা, ভর্তা ও দেশীয় খাবারের স্বাদে যেন ফিরে আসে শিকড়ের টান।
এরপর উপজেলা বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায় নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং নতুন বছরে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা জাগায়।
নববর্ষকে ঘিরে খানসামার মানুষ যেমন আনন্দে মেতে উঠেছেন, তেমনি নতুন বছরকে স্বাগত জানাতে নিয়েছেন নতুন অঙ্গীকার—ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে এগিয়ে যাওয়ার প্রত্যয়।