1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সিটি সেন্টার মার্কেটের নির্মাণ কাজ পরিদর্শনে সাইফুল ইসলাম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

রংপুরে সিটি সেন্টার মার্কেটের নির্মাণ কাজ পরিদর্শনে সাইফুল ইসলাম

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

রংপুর জেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ‘সিটি সেন্টার’ মার্কেট পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন ১৮ তলা বিশিষ্ট রংপুর জেলা পরিষদ সিটি সেন্টার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনকালে সাইফুল ইসলাম দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মামুন অর রশিদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সভাপতি ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টানের ঠিকাদার মো. আশরাফুদ্দৌলা আরজু, বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রসিকের সাবেক কাউন্সিলর মো: লিটন পারবেজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, রংপুর জেলা পরিষদ সিটি সেন্টার প্রকল্পের নির্মাণকাজ ২০১৪ সালে শুরু হয়। প্রায় ১৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শপিংমল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, ভবনের মার্কেট অংশে মোট প্রায় ৬৬৩টি দোকান থাকবে। তলাভেদে দোকানের বিন্যাস হলো নিচ তলায় ১০৬টি (তৈরি পোশাক ও মহাজনী দোকান), দ্বিতীয় তলায় ১৩৫টি (গার্মেন্টস ও থানকাপড়), তৃতীয় তলায় ১৪৮টি (শাড়ি ও কসমেটিকস), চতুর্থ তলায় ১১৪টি (মোবাইল ও কম্পিউটার), পঞ্চম তলায় ১০৯টি (খেলাধুলা ও স্টেশনারি) এবং ষষ্ঠ তলায় ৫১টি (স্বর্ণালঙ্কার ও ফুডশপ)।

৮৪ হাজার ১৩৫ বর্গফুট আয়তনের এই মার্কেটে ২৩০টি গাড়ি ও ২৬টি মোটরসাইকেল পার্কিং সুবিধা, ১০টি লিফট এবং একটি থ্রিডি মুভি হল থাকার পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে। ২০১৪ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় লটের অধিকাংশ কাজ শেষ হলেও সামগ্রিক নির্মাণে ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে বর্তমানে কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )