1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর মাল্টিপারপাস ভবনে রূপান্তরের পরিকল্পনা সিটি বাজারকে | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

রংপুর মাল্টিপারপাস ভবনে রূপান্তরের পরিকল্পনা সিটি বাজারকে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, রংপুর সিটি বাজার নানা সমস্যায় জর্জরিত, তাই এর দ্রুত সংস্কার জরুরি। তিনি জানান, পর্যায়ক্রমে বাজারের উন্নয়নকাজ সম্পন্ন করা হবে এবং ভবিষ্যতে এটিকে একটি আধুনিক মাল্টিপারপাস ভবনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে মুরগি পট্টি ও মাছ পট্টির অস্থায়ী টিনশেড সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অংশের কাজও বাস্তবায়ন করা হবে।

বাজার উন্নয়নে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। প্রশাসক বলেন, সিটি বাজারের সামনের পার্ককে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডাস্টবিন স্থাপন, নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ড নির্মাণ এবং চলাচলের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

মডেল বাজার, মুরগি পট্টি, মাছ পট্টি ও মাংস পট্টির কাজ ইতোমধ্যে টেন্ডার হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু হবে। ডাস্টবিনের জন্য নির্ধারিত জায়গা পেলে দ্রুত তা স্থাপন করা হবে বলেও জানান তিনি। আর্কিটেক্টের মাধ্যমে মাস্টারপ্ল্যান তৈরি করে আধুনিক সিটি বাজার নির্মাণের কথাও উল্লেখ করেন। গত ৪ মে সোমবার রাতে রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে প্রশাসকের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. লিটন পারভেজ, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভাইস চেয়ারম্যান নুর ইসলাম পটু, ফল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান শিপন ও মুরগি ব্যবসায়ী রাজু আহমেদসহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রশাসক বাজারের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )