


নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী (৯- ১২ মে পর্যন্ত) আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়। আর এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ইঞ্জিরিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা। শনিবার (৯ মে) বিকেল সাড়ে তিনটায় সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব (জিআরপি) মিলনায়তনে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনাজপুর – ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য মো. আমজাদ হোসেন টিটু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির টেকনিক্যাল উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান ও এলইপিবিপিসি এর উপপরিচালক এস, এম আনোয়ার হোসেন, পোদ্দার এগ্রো ইন্ডাস্ট্রি এর ম্যনেজিং ডাইরেক্টর রাজ কুমার পোদ্দার প্রমুখ।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া সহ অন্যান্য অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন দুলালসহ সংগঠনের অন্যান্য সদস্য শিল্প মালিকরা উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে আগামীকাল রোববার (১০ মে) রয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা-২০২২ বাণিজ্য প্রতিযোগিতার ওপর এর প্রভাব শীর্ষক সেমিনার, তৃতীয় দিনে মঙ্গলবার (১১ মে) স্টল মার্কিং এবং বুধবার (১২ মে) চতুর্থ দিনে রয়েছে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চার দিনব্যাপী মেলার ৩৮ টি স্টল স্থান রয়েছে। এ সব স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে।