1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এবার ‘টাইটানিক’ বানাতে চান উর্বশী রাউতেলা! | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

এবার ‘টাইটানিক’ বানাতে চান উর্বশী রাউতেলা!

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১ জন দেখেছেন

বলিউডের গ্ল্যামার কুইন, বিউটি পেজেন্টের রেকর্ড ব্রেকার আর সোশ্যাল মিডিয়ার সেনসেশন— এই বিশেষণগুলো শুনলেই যার নাম মাথায় আসে তিনি হলেন উর্বশী রাউতেলা। উর্বশী পর্দায় যতটা না ঝড় তোলেন, তার চেয়ে বেশি ঝড় তোলেন নিজের অদ্ভুত সব মন্তব্যের মাধ্যমে। নিজেকে সবসময় ‘আইআইটি-র মেধাবী’, ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’ কিংবা ‘প্রথম ভারতীয় নারী’ হিসেবে দাবি করে ট্রলের শিকার হওয়া উর্বশীর ঝুলিতে যুক্ত হলো নতুন এক বয়ান। অভিনয় এবং নিজস্ব প্রযোজনা সংস্থার পর এবার উর্বশী নাকি রাজনীতিতেও পা রাখছেন! তবে এখানেই শেষ নয়, তিনি নাকি চলচ্চিত্র পরিচালনা করতেও ভীষণ ভালোবাসেন এবং নিজের প্রথম ছবি হিসেবে হলিউডের কালজয়ী ছবি ‘টাইটানিক’-এর মতো সিনেমা বানাতে চান!

সম্প্রতি ‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশীকে সিনেমা পরিচালনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো রকম দ্বিধা ছাড়াই বুক ফুলিয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি তো গানও গাই। আর সিনেমা পরিচালনা করতে আমি ভীষণ ভালোবাসি, তাই সামনে আমি অবশ্যই ডিরেকশনে আসব।’ কেমন সিনেমা বানাতে চান— এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেছেন, ‘মানুষ হিসেবে আমি নিজে অত্যন্ত আবেগপ্রবণ। তাই প্রথম ছবি হিসেবে আমি একটা খাঁটি প্রেমের গল্প পরিচালনা করতে চাই। বলতে পারেন একদম বিখ্যাত ‘টাইটানিক’ সিনেমার মতো কিছু একটা বানানোর ইচ্ছা আছে।’
উর্বশীর এই সাক্ষাৎকারের ভিডিওটি ছড়াতেই কমেন্ট সেকশনে উঠেছে হাসির রোল। পুরো ইন্টারভিউ জুড়েই উর্বশীর হাতে একটি কাঁচের বয়াম ধরা ছিল। তা দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ইতিহাসে প্রথম কোনো অভিনেত্রী হাতে আচারের বয়াম নিয়ে ইন্টারভিউ দিচ্ছেন!’

আরেকজন উর্বশীর ‘টাইটানিক’ বানানোর স্বপ্নকে কটাক্ষ করে ছবির নাম দিয়েছেন ‘ট্রাইপ্যানিক’। অন্য একজন লিখেছেন, ‘তিনি নিজেকে জোর করে হলিউড নায়িকা প্রমাণ করতে চান, কিন্তু দিনশেষে জোকার সেজে বসেন।’ তবে উর্বশীর অন্ধ ভক্তরা কিন্তু তার পাশেই দাঁড়িয়েছেন। তাদের দাবি, উর্বশী অত্যন্ত প্রতিভাবান এবং তার অবশ্যই সিনেমা পরিচালনা করা উচিত।
বিতর্ক বা ট্রল যাই হোক না কেন, উর্বশী কিন্তু নিজের মতো করে ক্যারিয়ারে এগিয়ে চলেছেন। চলতি ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী ‘কান চলচ্চিত্র উৎসব’-এর রেড কার্পেটে ভিয়েতনামী ডিজাইনারের পোশাকে ঝলমলে উপস্থিতি ছিল তার। সেখানে দাঁড়িয়ে উর্বশী বলেছিলেন, ‘আমি যখন বিদেশের মাটিতে আসি, তখন আমি আর উর্বশী নই, আমিই তখন ভারত।’

পর্দায় কাজের কথা বলতে গেলে, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে উর্বশীর বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’। সিরিজটি নিয়ে উর্বশী জানান, এবারের সিজনটি আগের চেয়েও অনেক বেশি সাহসী, অ্যাকশনধর্মী ও ধামাকাদার হয়েছে। তবে ভক্তদের এখন আসল কৌতূহল— উর্বশী কবে তার পরিচালকের হ্যাট মাথায় পরেন এবং হলিউডের লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তার ‘টাইটানিক’-এর হিরো কাকে বানান!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )