1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

উলিপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মাস বয়সি আরও এক শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তিনটি এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) ও তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল মাসুদ রানা।

পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলছিল আরমান। একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে দলদলিয়া ইউনিয়নের দোকলাপাড়া গ্রামে পানিতে পড়ে আহত হয় রেজওয়ানের ১৫ মাস বয়সি মেয়ে সুমাইয়া খাতুন।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আবাসিক কর্মকর্তা (আরএমও) তানজিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই মাসুদ রানা ও আরমানের মৃত্যু হয়। সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মাসুদ রানার পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। আরমানের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )