1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‎তারাগঞ্জে চলন্ত বাস হতে দুই যাত্রীকে ফেলে দেয়ার ঘটনায় হত্যা মামলা, মহাসড়ক অবরোধ  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

‎তারাগঞ্জে চলন্ত বাস হতে দুই যাত্রীকে ফেলে দেয়ার ঘটনায় হত্যা মামলা, মহাসড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন দেখেছেন
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও এক যাত্রীকে জিম্মি করে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করে রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

‎রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

‎বাসের যাত্রী আতিকুর ইসলাম বলেন, ‘আমার কাছে টাকা ছিল। বাসের অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও আমাকে নামানো হয়নি। বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরে। এ সময় মুকুল ও শাকিব এগিয়ে এলে চলন্ত বাস থেকেই তাঁদের লাথি মেরে ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার শুরু করি। একটি মাইক্রোবাসের লোকজন ঘটনাটি দেখে চিকলী এলাকায় বাসটির পথরোধ করেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটক করেন। তা না হলে আমাকেও মেরে ফেলে দিত।’

‎নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, আমার ছোট ভাইসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিক ইসলামের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে বাসের লোকজন তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেন। পরে চিকলী এলাকায় একটি মাইক্রোবাসের যাত্রী ও স্থানীয় লোকজন বাসটির পথরোধ করে আটক করেন।

‎

‎তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

‎তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’ এ ঘটনায় বাসের হেলপার ও চালক আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।

‎

‎তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সায়মন পরিবহনের বাস, হেলপার ও চালক আটক করা হয়েছে।

‎

‎তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, সড়ক আইনে মামলা হয়েছে। ওই ঘটনায় বাসের হেলপার শফিক বুজুর (২৮), এবং চালক আজির হোসেন (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর ও আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )