


তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার এলাকায় নদী ভাঙনকবলিত এলাকাবাসীর উদ্যোগে নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অংশ নেয় ভাঙন কবলিতসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাজেদুর রহমান, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সমাজসেবক জাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভাঙনে ক্ষতিগ্রস্থ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর শ্রীপুর পুটিমারী গ্রাম থেকে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বটতলি পর্যন্ত হঠাৎ করে তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙনে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরো শতশত বসতবাড়ি। নদী ভাঙনের কারণে এলাকার মানুষের পথে বসার অবস্থা হয়েছে। এসময় একাধীক বক্তারা অভিযোগ করেন, অব্যাহত নদী ভাঙনে ভিটেমাটি ও সহায়-সম্ভবল হারিয়ে অনেকে নিঃস্ব হলেও সংশ্লিষ্ট ভাঙন রোধে এখনো কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
তাই দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উদ্যোগের দাবিও জানান বক্তারা। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় ভাঙ্গনরোধে আমরা ইতোমধ্যে একটি সমীক্ষার কার্যক্রম শেষ করেছি। এ অবস্থায় একটি প্রকল্প তৈরী করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাশ হলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে। মানববন্ধন শেষে ভাঙন হতে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করে তারা।