1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় বিনামূল্যে চিকিৎসা পেলেন রোগিরা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিনামূল্যে চিকিৎসা পেলেন রোগিরা

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন
গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বুধবার ঢাকাস্থ গাইবান্ধা জনকল্যাণ সমিতির উদ্যোগে গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়ন পরিষদ মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার।
সকাল ১০টা থেকে দিনব্যাপী চলা এই ক্যাম্পে ৩’শ রোগীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। গাইবান্ধা জনকল্যাণ সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. তানবীর আহমেদ রোগীদের চিকিৎসা সেবা দেন। চিকিৎসা নিতে আসা রাজিয়া বেগম (৪৫) বলেন, ‘অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি। এটা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক উপকার হলো।’
চিকিৎসা নেওয়া শফিকুল ইসলাম (৫৫) বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি, ওষুধও পেয়েছি। এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া দরকার, বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের জন্য।’ এই উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, ‘এ ধরনের কার্যক্রম গ্রামের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই, এটি আরও নিয়মিতভাবে আয়োজন করা হোক, যাতে চিকিৎসা বঞ্চিত মানুষজন সেবা পেতে পারে।’
গাইবান্ধা জনকল্যাণ সমিতির সেক্রেটারি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের সংগঠন সবসময় গাইবান্ধার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমরা চাই, অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘শুধু চিকিৎসা সেবা নয়, আমরা শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল লক্ষ্য গাইবান্ধার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।’ ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইবান্ধা জনকল্যাণ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )