


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদাখালি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নাইট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি’র সদস্য বিশিষ্ট শিল্পপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ।
নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, উদাখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিয়া, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, উদাখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক তিতাস, উদাখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল প্রমুখ।
প্রধান অতিথি কামরুজ্জামান সোহাগ বলেন, আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং আমরা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার জন্য ফুলছড়ি প্রত্যেকটি ইউনিয়নে মরহুম আরাফাত রহমান কোকো নাইট ফুটবলের আয়োজন করেছি আমার সাধ্য অনুযায়ী আমি সবার পাশে থাকতে চাই।
ফাইনাল খেলায় ফুলছড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট ও কালিরবাজার এসএসসি ব্যাচ ২০১৬ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ২-০ গোলে কালিরবাজার এসএসসি ব্যাচ ২০১৬ জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।