


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলছড়ি উপজেলা কমিটি ঘোষণার পরপরই পদত্যাগ করেছেন সংগঠনটির নবনিযুক্ত উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান জীবন।
শনিবার (১৪ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নবগঠিত উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান জীবন রাতেই ফেসবুক পোস্টের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগে তুলে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে জাহিদ হাসান জীবন লেখেন, ‘এনসিপির নবগঠিত ফুলছড়ি উপজেলা কমিটিতে টাকার বিনিময়ে কেন্দ্রীয় সদস্যরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করেছেন। যারা এনসিপির হয়ে মাঠে কাজ করেছে, তাদের মূল্যায়ন না করে স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। জুলাই স্পিড ধারণ করে আমি এই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’
তিনি আরও জানান, রাজনীতির বাইরে অরাজনৈতিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার আগ্রহ রয়েছে তাঁর।
এদিকে এনসিপির নবগঠিত ফুলছড়ি উপজেলা সমন্বয় কমিটিতে ২১ সদস্য রয়েছেন। কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।