1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে গৃহবধূ হত্যা মামলার অভিযুক্ত শ্বাশুড়ি রাজশাহীতে গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ডোমারে গৃহবধূ হত্যা মামলার অভিযুক্ত শ্বাশুড়ি রাজশাহীতে গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলায় অভিযুক্ত শ্বাশুড়ি ফারজিনা বেগম (৫৫) কে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি টিম দুর্গাপুর উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার (১৫ জুলাই) তাকে ডোমার থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে পাঠায়।

গ্রেফতারকৃত ফারজিনা বেগম উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী। তিনি নিহত গৃহবধূর শ্বাশুড়ি এবং মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক কলহের জেরে গত ২২ মে দিবাগত রাতে ফারজিনার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য মিলে গৃহবধূকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূ নিস্তেজ হয়ে পড়লে তাকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ফারুক হোসেন ও শ্বাশুড়ি ফারজিনা বেগমকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই ফারজিনা আত্মগোপনে ছিলেন। মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, গৃহবধূ হত্যা মামলার ২ নম্বর আসামি ফারজিনা বেগমকে র‌্যাব রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার ১ নম্বর আসামি, নিহত গৃহবধূর স্বামী ফারুক হোসেনকে আগেই গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )