


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানি মুলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিডফোর্ডসহ দেশের সকল হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (১৭জুলাই) শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদ্য বিদায়ী সভাপতি ও নীলফামারী জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল।
সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ উদ দৌলার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল বলেন, গণতন্ত্রের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে নির্বাচন। আগামীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ভোট চাই।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সাইফুল্লাহ রুবেল বলেন, অবিলম্বে নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান।
বলেন, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বিএনপি। খুলনায় যুবদলের নেতাকে পিটিয়ে মারা হয়েছে মিডিয়া আসছে না। এই পরিস্থিতির উত্তোরণ ঘটাতে হবে।
জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা, উপজেলা, পৌর ছাড়াও যুবদলের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসুচিতে অংশগ্রহণ করেন।